শুক্র-শনিবার খোলা থাকবে দক্ষিণ সিটি কর্পোরেশন

ছুটির দিন হলেও আগামী শুক্র ও শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অফিস খোলা থাকবে। এ দুদিন সব ধরনের নাগরিক সেবা পাওয়া যাবে। নগর ভবনের পাশাপাশি আঞ্চলিক কার্যালয়সহ সব পর্যায়ের অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৪ জুন) রাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার (২৭ জুন) ও শনিবার (২৮ জুন) ছুটির দিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) অফিস খোলা থাকবে। পাশাপাশি আঞ্চলিক কার্যালয়সহ সব পর্যায়ের অফিসও খোলা রাখা হবে।

এতে আরও বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পৌরকর ও দোকানভাড়া পরিশোধে বিশেষ সুযোগ ঘোষণা করা করেছে। যারা এখনও কর বা দোকানভাড়া পরিশোধ করেননি, তারা ১৫% সারচার্জ (জরিমানা) ছাড়া আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধ করতে পারবেন।

এদিকে, সোমবার (২৩ জুন) সকালে টানা ৪০ দিন বন্ধ করে রাখার পর খুলে দেওয়া হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের ফটক। আংশিকভাবে শুরু হয় নাগরিক সেবা কার্যক্রম। পাশাপাশি ইশরাক অনুসারীদের অবস্থান কর্মসূচিও চলমান ছিল।

নগর ভবনের বাইরে থাকা ১০টি আঞ্চলিক কার্যালয়েও স্বাভাবিক কার্যক্রম চালু হয়। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে আন্দোলনে প্রায় দেড় মাস নগর ভবনে সেবা কার্যক্রম বন্ধ ছিল।

প্রসঙ্গত, আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফলাফল গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে বাতিল করা হয়। বিএনপির মেয়র প্রার্থী ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করা হয়। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে ইশরাককে শপথ না পড়ানোয় আন্দোলন শুরু হয়।