এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের ঊর্ধ্বগতির আক্রান্তের মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। আর এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩২৬ জন।
বুধবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটিতে একজন ও রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের হারে সর্বোচ্চ অবস্থানে রয়েছে বরিশাল বিভাগ। এই সময়ের মধ্যে বিভাগটিতে নতুন করে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছেন ১১৮ জন।
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ভর্তি হয়েছেন ৩২৬ জন। নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭১ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫৫ জন।
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫২.৮% পুরুষ এবং ৪৭.২% নারী।
এ বছরের এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৮,৮৭০ জন। এর মধ্যে ৫৮.৭% পুরুষ এবং ৪১.৩% নারী।