কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’ গ্রুপের ৮ সদস্যের জেল-জরিমানা

গোপালগঞ্জে যৌথবাহিনী  অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‍‍‍"ডেমন বয়েজ" গ্রুপের সক্রিয় ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে । এ সময় তাদের কাছ থেকে গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জাম ও মোবাইল ফোন জব্দ করা হয়। তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা  করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে  গ্রেপ্তার করা হয় ।

গ্রেপ্তারকৃতরা হলো, কাশিয়ানী উপজেলার গেড়াখোলা গ্রামের  মো. জিসান (২০), মহেশপুর গ্রামের ইনতেমাম মোল্যা (২০), হোগলাকান্দি গ্রামের হামজা মুন্সী (২০),  অনিক মাহমুদ (২০), পশ্চিম মাঝিগাতি গ্রামের আসলাম ইয়ামিন শরীফ (২০),   বেলাল মোল্যা (২০),  এ আশিক মুন্সী (২০) ও দোলাগ্রামের  হামিম শেখ (২০)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও  উপজেলা নির্বাহী  অফিসার (ইউএনও) ফারজানা জান্নাত  বলেন, ‍তাদের কাছে থেকে মাকদ্রব্য উদ্ধার হয়েছে। গ্রেপ্তারকৃতরা তাদের অপরাধ স্বীকার করেছে । সাক্ষ্য-প্রমাণ শেষে তাদের অভিযুক্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা  করা হয়েছে । পরে তাদের জেলা কারাগারে পাঠানোর জন্য কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।"
 
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‍‍যৌথবাহিনী অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে। ভ্রাম্যমাণ আদলত তাদের জেলা জরিমানা দিয়ে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলা কারগারে পাঠানো হয়েছে।"