ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগ থেকে ম্যাগাজিন পাওয়ার ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এ বিষয়ে কথা বলেন।
মরক্কোর মারাকেশে অনুষ্ঠেয় ‘‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে’’ অংশ নিতে গতকাল রবিবার ভোরে আসিফ শাহজালাল বিমানবন্দরে যান। পরে ভরে বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় তার ব্যাগ থেকে একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
বিদেশে যাওয়ার সময় ব্যাগে ম্যাগাজিন থাকার ঘটনাটা কেমন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘না, বিদেশ যাওয়ার কিছু না, হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন, হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমাটা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন। এ রকম ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল। যেহেতু এটা নিয়া এত ভাইরাল, উনি যদি জানতে পারতেন আগে তাহলে তো উনি কোনো অবস্থাতেই এটা নিতেন না।’’
উপদেষ্টা আসিফ মাহমুদ ভুলে এমনটা করেছেন বলে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের যথার্থতা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘না, ওনার সঙ্গে তো আর আমার কথা হয়নি। কিন্তু জিনিসটা তো বোঝা যায় যে হয় কি আপনি যদি জানেন যে এখানে তো আর একটা হাতিয়ার নিয়ে ঢোকার কথা না, তো আপনার পকেটে ধরেন হয়তো আরেকটা গুলি...ইয়ে পাওয়া গেল, তখন বোঝা যায় যে আপনি হয়তো তা ভুলেই ঢুকছেন।’’
উদ্ধার করা ম্যাগাজিনটি অনেকে আগ্নেয়াস্ত্র একে-ফোরটি সেভেনের ম্যাগাজিন বলে বর্ণনা করছেন। এ বিষয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘‘না, এটা কিন্তু একে–ফোরটি সেভেন না, এটা তারই (উপদেষ্টা আসিফ মাহমুদ) একটা লাইসেন্সকৃত হাতিয়ার। পিস্তলের একটা ম্যাগাজিন যে থাকে, ম্যাগাজিনটা ওটা ভুলে ওনার ব্যাগে রয়ে গেছিল।’’
আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ অনুযায়ী, দেশে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদনের জন্য ব্যক্তির বয়স ৩০ থেকে ৭০ বছরের মধ্যে হতে হয়। তবে উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স তো এর চেয়ে কম। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘বৈধ লাইসেন্সের ক্ষেত্রে বয়স ৩০ বছর আছে নাকি? আমি যেহেতু এ আইনটা পুরাটি দেখি নাই, এ ব্যাপারে আমি কিছু বলতে পারব না।’’
বিমানবন্দরে প্রথম দুই প্রবেশপথ পেরিয়ে তৃতীয় প্রবেশপথে গিয়ে স্ক্যানিয়ের সময় ব্যাগে ম্যাগাজিন থাকার বিষয়টি ধরা পড়ে। এক্ষেত্রে প্রথম প্রবেশপথে কেন ধরা হয়নি, সে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘এ জন্য আমি অলরেডি বলেছি, যেই হোক, অনেক সময় আছে যেমন ধরেন, হয়তো আমার ভাই আপনেগো ইয়ের নেতা, এখন উনি যখন ঢোকেন, অন্যান্য সময়ের থেকে উনি একটু প্রিভিলেজ পান। এই প্রিভিলেজটা যেন কারও ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা সমানভাবে প্রয়োগ হয়, এ জন্য বলা হয়েছে।’’