চট্টগ্রামে ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা-সংলগ্ন এলাকা থেকে ৯-এপিবিএন (বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) দীপক জ্যোতি খীসার দিক-নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) অংশু কুমার দেব এর নের্তৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ অভিযানে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ শাহাদাত হোসাইন সহায়তা করে। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ কলোনীর পশ্চিম মাথা ব্রীজের গোড়া-সংলগ্ন তিন রাস্তার মোড়ে অবস্থিত এক চায়ের দোকানের সামনে থেকে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মো. আলী হাসান মুজাহিদ (২৩) দিনাজপুর জেলার পাবর্তীপুর থানার হযরতপুর দাদা পাড়ার বাসিন্দা। বর্তমানে তিনি গুলশান আবাসিক এলাকার শেরশাহ বাংলা বাজারের মতলব সওদাগরের বাড়ি-সংলগ্ন এলাকায় বসবাস করতেন। এসময় তার সঙ্গে থাকা ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আসামির বিরুদ্ধে চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানায় মামলা প্রক্রিয়াধীন।