হবিগঞ্জে চোরের ছুরিকাঘাতে জনি দাশ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার ফলপ্রত্যাশী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে শহরের দিয়ানতসাহা বাড়ি এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রাতের শেষভাগে ঘরের দরজায় নড়াচড়ার শব্দ শুনে ঘুম ভেঙে যায় জনির। তখন সে তার বড় ভাই কলেজছাত্র সাগর দাশ জয়কে জাগিয়ে তোলে। দু’জনেই দরজা খুলে বাইরে গিয়ে এক চোরকে ধরে ফেলেন। এ সময় দুই ভাইয়ের সঙ্গে চোরের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চোর জনির বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতে জনির ভাই সাগর দাশও আহত হন।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জনি দাশকে মৃত ঘোষণা করেন। নিহত জনি এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। সে ওই এলাকার নরধন দাশের ছেলে।
হবিগঞ্জ থানার ওসি (তদন্ত) সজল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির সময় বাধা দেওয়ায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে। তবে এখনও কোনো মামলা হয়নি।”