নালিতাবাড়ী সীমান্তে জঙ্গল থেকে বন্য হাতির মরদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কাটাবাড়ি জঙ্গল থেকে একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। মারা যাওয়া হাতিটির বয়স আনুমানিক ১৫-১৬ বছর এবং এটি পুরুষ হাতি।

শনিবার (৫ জুলাই) সকালে মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলীর নেতৃত্বে বন বিভাগের একটি দল হাতির মরদেহটি উদ্ধার করে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্য হাতির আক্রমণ থেকে ফসল ও ঘরবাড়ি রক্ষায় স্থানীয়রা বৈদ্যুতিক বাতির সংযোগ দিয়ে সীমান্ত এলাকায় নিরাপত্তাবেষ্টনী তৈরি করেছেন। এতে হাতির দল আলো দেখে ভয়ে লোকালয় ও ফসলি মাঠে প্রবেশ এড়িয়ে চলে। তবে গতকাল রাতে নাকুগাঁও সীমান্ত হয়ে উত্তর কাটাবাড়ি এলাকায় ৮-১০টি হাতির একটি দল প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় একটি হাতি বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায়।

মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, “হাতিটি বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”