টানা বৃষ্টির কারণে রাজধানীতে সম্ভাব্য জলাবদ্ধতা দ্রুত নিরসনে ওয়ার্ডভিত্তিক ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার (৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএসসিসি। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন। পরিস্থিতি বিবেচনায় ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করা হয়েছে, যাতে দ্রুত পানি অপসারণের ব্যবস্থা নেওয়া যায়।
এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের কারণে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় মেঘাচ্ছন্ন আকাশ ও হালকা বৃষ্টি থাকতে পারে। আগামী কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জলাবদ্ধতা সংক্রান্ত যে কোনো তথ্য বা অভিযোগের জন্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে ডিএসসিসি।