দাম কমাতে কাঁচা মরিচ আমদানি শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর আবারও কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। এদিকে ঢাকায় ৩০০ টাকা এবং জেলা শহর দিনাজপুরে ১৫০ টাকা কেজিতে উঠেছে কাঁচা মরিচের দাম।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে হিলি স্থলবন্দরে ভারত থেকে কাঁচা মরিচ নিয়ে দুটি ট্রাক প্রবেশ করেছে।

জানা গেছে, গঙ্গেশ্বরি ইন্টারন্যাশনাল নামের একটি ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান ঝাড়খান্ড রাজ্য থেকে কাঁচা মরিচ বাংলাদেশে রপ্তানি করেছে। আমদানিকারক বাংলাদেশের হিলি বন্দরের এনপি ইন্টারন্যাশনাল।

দেশের বাজারে কাঁচা মরিচের সংকট দেখা দেওয়ায় ৪০ টাকা কেজির কাঁচা মরিচের দাম ঢাকায় ৩০০ এবং জেলা শহরে ১৫০ টাকায় উঠেছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, চলতি বর্ষা মৌসুমে দেশে অতিবৃষ্টি এবং কোথাও কোথাও ও বন্যার কারণে মরিচ ক্ষেত নষ্টের কারণে সংকট দেখা দিয়েছে। ইতোমধ্যে দাম নিয়ন্ত্রণহীণ হয়ে পড়েছে। তাই ব্যবসায়ীরা ভারত থেকে আমদানি শুরু করেছে। আগামী সপ্তাহ থেকে পুরোদমে আমদানি শুরু হবে। এতে দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন তারা।

জানা গেছে, গত বছরের ১৫ নভেম্বর এই বন্দর দিয়ে সর্বশেষ কাঁচা মরিচ আমদানি করা হয়েছিল। দেশি মরিচ বাজারে ওঠায় দাম কমে যাওয়ায় আমদানি বন্ধ করা হয়েছিল।