পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ১৬টি নার্সারিতে প্রায় ৯০ হাজার ইউক্যালিপটাস চারা ধ্বংস করা হয়।
এই অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি) ইশরাত ফারজানা এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মাজেদুল ইসলাম।
জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, “ইউক্যালিপটাস ও আকাশমনি গাছগুলো অতিরিক্ত পানি শোষণ করে এবং ভূ-গর্ভস্থ পানির স্তর হ্রাস করে, যা ভবিষ্যতে পরিবেশ ও মানবজীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এজন্য আমরা দেশীয় ও পরিবেশবান্ধব গাছ রোপণের পরামর্শ দিচ্ছি।”
পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, “পরিবেশ রক্ষা মানেই মানুষের জীবন রক্ষা। অতিরিক্ত পানি শোষণকারী গাছপালা ভূ-গর্ভস্থ পানির লেভেল কমিয়ে কৃষিকাজ ও প্রকৃতির ভারসাম্যে বিপর্যয় ঘটায়। তাই এ ধরনের গাছ ধ্বংসে কৃষি বিভাগের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে।”
এর আগে, পৌরসভা ও গড়েয়া ইউনিয়নের ছয়টি নার্সারিতে ৬১ হাজার ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংস করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম জানান, এই গাছগুলো দ্রুত বৃদ্ধি পেলেও মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে এবং জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলে।
উপজেলা কৃষি অফিস জানিয়েছে, পর্যায়ক্রমে সদর উপজেলার অন্যান্য ইউনিয়নেও এই ধরনের চারাগুলো ধ্বংস করা হবে।
মাঠপর্যায়ে এ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মুজাহিদ ও মসিউর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল খালেক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জুয়েল ইসলাম ও পরিতোষ অধিকারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ ।