রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ ও দোয়া করে দুপুরের পরের বৈঠক মুলতবি ঘোষণা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
সোমবার (২১ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বৈঠক মুলতবি ঘোষণা করেন।
তিনি হতাহতদের জন্য শোকবার্তা পাঠ করেন। এরপর দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।
এর আগে, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে সোমবার সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ষোড়শ দিনের আলোচনার শুরু হয়।
প্রসঙ্গত, সোমবার দুপুরে উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় অন্তত ১৫০ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। আহতদের মধ্যে দগ্ধ ৭০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।