রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে এখনো বিক্ষোভ করছেন শিক্ষার্থী ও সাধারণ জনতা। তাদের বাধার মুখে কলেজ ক্যাম্পাস থেকে বের হয়েও আবার আটকা পড়েছেন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তারা বর্তমানে কলেজটির একাডেমিক ভবন-৭ এ অবস্থান করছেন।
মঙ্গলবার (২২ জুলাই) দ্বিতীয় দফায় বের হয়ে দিয়াবাড়িতে বাধার মুখে বিকেল ৫টা ৫২ মিনিটে কলেজে ফিরে আসে দুই উপদেষ্টা ও প্রেস উইংয়ের গাড়িবহর।
তবে বাইরে বিক্ষোভ চললেও কলেজের ভেতরের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। সেখানে পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে। পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা ক্যাম্পাসে অবস্থান করছেন।
এর আগে সকাল থেকে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচির পরিকল্পনা করেছিল। সকাল সোয়া ৯টার দিকে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের পক্ষ থেকে মাইকিং করে সভা-সমাবেশ, দলবদ্ধ কর্মসূচি কিংবা অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়। ঘোষণা দিয়ে জানানো হয়, দিয়াবাড়ি গোলচত্বর ও আশপাশের এলাকায় কোনো ধরনের জমায়েত বা প্রতিবাদ কর্মসূচি পালন করা যাবে না। কিন্তু শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে বিক্ষোভ শুরে করে। সকাল সাড়ে ১০টার দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রেস সচিব শফিকুল আলম কলেজ পরিদর্শনে আসেন। সেখান থেকে বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরেন। এ সময় শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন।
বিকেল সাড়ে ৪টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হয়েছিলেন উপদেষ্টারা। কিন্তু দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধার মুখে আবার কলেজে ফিরে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ অন্যরা। তার আগে সাড়ে ৩টার দিকে একবার তারা বের হয়ে আসেন। তবে বাধার মুখে ফিরে যেতে হয়।