রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ছাত্রছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় আহত ও নিহত প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিকভাবে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ এ রিট দায়ের করেন। রিটে বলা হয়েছে, বিমানবন্দর এলাকায় ৪ তলার বেশি কোনো বিল্ডিং নির্মাণ না করার নির্দেশনা দেওয়া প্রয়োজন।
এর আগে গত ২২ জুলাই পৃথক আরেকটি রিটের শুনানি নিয়ে হাইকোর্ট উত্তরার দিয়াবাড়িতে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেন। সাতদিনের মধ্যে সরকারকে এ কমিটি গঠন করতে বলা হয়েছে।
ওই আদেশে মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে নিহত শিক্ষার্থীদের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহত শিক্ষার্থীদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করা হয়েছে।
আদালত আরও নির্দেশ দিয়েছেন, আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করতে এবং ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান উড্ডয়ন বন্ধে কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।