পুলিশের ধাওয়ায় পুকুরে ডুবে যুবকের মৃত্যু

গাইবান্ধার সাঘাটায় পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম সিজু মিয়া। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২৫ জুলাই) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পকেটে পাওয়া প্রবেশপত্র থেকে তার নাম জানা যায়।

এর আগে, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সাঘাটা থানায় ঢুকে দায়িত্বরত সেন্ট্রি সিরাজুল ইসলামের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওই যুবক। চিৎকার শুনে উপ-পরিদর্শক (এসআই) মহসিন আলী এগিয়ে এলে তাকে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে ওই যুবক। পুলিশ ধাওয়া দিলে পুকুরে লাফ দেন সিজু মিয়া। 

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, “ওই যুবক অস্ত্র ছিনতাই করতে এসেছিলেন। তার পকেটে গাইবান্ধা টিটিসির একটি কোর্সের প্রবেশপত্র পাওয়া গেছে। তবে বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।”

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।