আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে বঁটির আঘাতে পুলিশ সদস্য আহত

কুষ্টিয়ায় এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকে ধরতে গিয়ে বঁটির আঘাতে ইসরাফিল হোসেন (৪৮) নামের গোয়েন্দা পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে।

শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের ছয় রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার সঙ্গে জড়িত ওই আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- হারুন উর রশিদ (৫০) ও তার ছেলে প্রণয় (২৫)।

হারুন শহর আওয়ামী লীগের সহসভাপতি বলে দলীয় সূত্রে জানা গেছে। আহত এসআইকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা হারুন উর রশিদকে গ্রেপ্তার করতে দুপুরে ডিবি পুলিশের একটি দল তার বাড়ি ঘেরাও করে। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করলে এসআই ইসরাফিলের পিঠে বঁটি দিয়ে আঘাত করা হয়। এ হামলায় তিনি আহত হলে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ডিবি পুলিশ বাবা ও ছেলেকে আটক করে নিয়ে গেছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, “আহত পুলিশ সদস্যের পিঠে ধারালো কিছু দিয়ে আঘাতের দুটি চিহ্ন ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, “সন্দেহভাজন এক আসামিকে ধরতে গিয়ে হামলায় একজন পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। যাকে ধরতে পুলিশ গিয়েছিল তিনি আওয়ামী লীগের নেতা।”