গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান (৬৫) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
রবিবার (৭ জুন) দুপুরে রাজধানীর উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে, ছোট ভাই আনিছুর রহমানের মৃত্যু সংবাদ শুনে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তার বড় বোন রাশিদা বেগমও মারা গেছেন। তিনি শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের বাসিন্দা।
আনিছুর রহমান ২০০২ সালে শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে ৪ বার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি শ্রীপুর সরকারি কলেজের ভিপিসহ গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা শ্রমিক লীগের সভাপতি এবং শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ শ্রীপুরের সর্বস্তরের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নিহতের ভাতিজা জাহিদুল আলম রবিন আনিছুর রহমান এবং তার বড় বোন রাশিদা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহিদুল আলম রবিন বলেন, “আমার ফুফা আনিছুর রহমান ডায়াবেটিস, কিডনীসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তাকে কয়েকদিন আগে উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়। শারিরীক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে তিনি মারা যান। আনিছুর রহমানের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে তার বড় বোন রাশিদা খাতুন জ্ঞান হারান। এসময় তাকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
তিনি জানান, সোমবার সকাল ১১ টার দিকে শ্রীপুর পৌরসভার মাধখলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।
আনিছুর রহমান বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৯১ সালে শ্রীপুর কলেজের ভিপি নির্বাচিত হন। গাজীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান ২০০২ সালে শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম মেয়র নির্বাচিত হন। ২০২৪ সালের ১৮ আগস্ট অন্তর্বর্তী সরকার সারাদেশের ৩২৩ পৌরসভার মেয়র অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। এসময় শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানকেও অপসারণ করা হয়।



