জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ জানিয়েছেন, জুলাই সনদের প্রাথমিক খসড়া তৈরি করা হয়েছে। সোমবারের মধ্যে খসড়াটি সকল রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে।
এছাড়া তিনি আরও জানান, চলতি মাসের মধ্যেই আলোচনা শেষ করতে চায় কমিশন।
রবিবার (২৭ জুলাই) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার ১৯তম দিনের বৈঠকের শুরুতে এ কথা বলেন তিনি।
আলী রীয়াজ সংবাদমাধ্যমকে বলেন, “জুলাই সনদের একটি প্রাইমারি টেক্সট বা খসড়া তৈরি হয়েছে, যেটি আগামীকাল রাজনৈতিক দলগুলোকে দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আমরা খসড়া নিয়ে এখানে আলোচনা করব না। বড় কোনো মৌলিক বিষয়ে আপত্তি উঠলে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। রাজনৈতিক দলগুলোর মতামতের ওপর ভিত্তি করে খসড়া সনদ চূড়ান্ত করা হবে।”
জুলাই সনদে সংস্কারের ঐকমত্য হওয়া ছাড়াও, পটভূমি, প্রক্রিয়া ও অঙ্গীকারের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে বলেও জানান তিনি।
জানা গেছে, বৈঠকে প্রথমে পুলিশ সংস্কার কমিশন, এরপরে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ নিয়ে আলোচনা হবে।
আলী রীয়াজ বলেন, “এখন পর্যন্ত ১০টি বিষয়ে নোট অব ডিসেন্টসহ ঐকমত্য হয়েছে, সাতটি বিষয়ে আলোচনা চলমান আছে এবং তিনটি বিষয়ে আলোচনা এখনও হয়নি। যার মধ্যে আজকে দুটি বিষয় এজেন্ডায় রয়েছে।'
তিনি আরও বলেন, “আমরা অনুরোধ করব যে, অত্যন্ত সুস্পষ্ট আলোচনা করে এই প্রক্রিয়া যেন সম্পন্ন করতে পারি।”