রাঙ্গামাটির আবাসিক হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙ্গামাটির একটি আবাসিক হোটেল থেকে মুন্না আক্তার নামের এক পর্যটক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ জুলাই) কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, রবিবার দিনগত রাত ৩টার দিকে জেলা শহরের রিজার্ভবাজার এলাকার গোল্ডেন হিল নামের আবাসিক হোটেল থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হোটেলের ম্যানেজার কুতুব উদ্দিনকে আটক করেছে পুলিশ।

এদিকে, এ ঘটনার খবর পেয়ে ওই নারীর স্বামী আব্দুল কাদের এবং কন্যা সাদিয়া আক্তার বৃষ্টি ও মা মমতাজ বেগম ছুটে এসেছেন। তাদের বাড়ি চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় বলে জানা গেছে।

ওসি বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”