জাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মাণাধীন কেন্দ্রীয় গ্রন্থাগার ভবন থেকে পড়ে মো. আরিফুল ইসলাম (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সকাল ১১টার দিকে নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে যান তিনি। সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা গুরুতর দেখে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

জানা যায়, নিহত আরিফুল ইসলামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়। তিনি নির্মাণাধীন ভবনটিতে মোজাইক বসানোর কাজ করতেন।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. নিংতম বলেন, "শুক্রবার বেলা ১১টার দিকে কয়েকজন আরিফুলকে মেডিকেলে নিয়ে আসেন। তারা জানান, আরিফুল ভবন থেকে পড়ে গেছেন। তার মুখে আঘাত ছিল, দাঁত পড়ে গিয়েছিল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত এনাম মেডিকেলে পাঠানো হয়।"

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ভবনটির নির্মাণের দায়িত্বে রয়েছে অনিক ট্রেডিং কর্পোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

অনিক ট্রেডিং কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোমিনুল করিম বলেন, "দুপুরের দিকে আমাকে ফোন দিয়ে জানানো হয় একজন শ্রমিক ভবন পড়ে গেছে। তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। পরে সন্ধ্যায় জানতে পারি তিনি মারা গেছেন। বর্তমানে আমাদের নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। ধারণা করছি, হয়তো অসাবধানবশত এ দুর্ঘটনা ঘটেছে।"

তাৎক্ষনিকভাবে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা। তারা বলছেন, যদি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ নিত সঠিক সময়ে, যদি নিয়মমাফিক সব নিরাপত্তা নিশ্চিত করে শ্রমিকেরা কাজ করতো, তাহলে হয়তো এই হত্যা সংঘটিত হতে পারতো না।

এদিকে এ ঘটনার প্রেক্ষিতে আজ সকাল ১১টায় জরুরি সভায় বসেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রকল্পের পরিচালক নাসির উদ্দিন, সার্বিক এবং স্থাপনাভিত্তিক তদারকি কমিটিতে থাকা সব শিক্ষক, লাইব্রেরি বা লেকচার-থিয়েটার নির্মাণের ঠিকাদারি কোম্পানি অনিক ট্রেডার্স এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকেরা।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা জরুরি প্রশাসনিক মিটিং ডেকেছি। আমি চাই শুধু ক্ষতিপূরণ নয়, এই ঘটনায় যেন দোষীদের যথাযথ শাস্তিও হয়।