দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৬,৫৯০ টাকা। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,৫২,৪০৯ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণ (পাকা স্বর্ণ) ও রূপার দাম বাড়ানোর কারণে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয় বলে জানিয়েছে বাজুস।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার দিনই স্বর্ণের দাম বাড়তে দেখা গেছে বিশ্বজুড়ে। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে।
২১ ক্যারেট স্বর্ণের দাম ৬,২৯৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ভরিতে ২,৪০,৯২০ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের ৫,৩৬৫ টাকা বাড়িয়ে বিক্রয় করা হবে ভরিতে ২,০৬,৫১১ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিতে ১,৬৮,১৯৫ টাকা।
স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫,৮৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯২ টাকা বাড়িয়ে ৫,৫৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৪,৭৮২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৩,৬১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, ৬ এপ্রিল ২২ ক্যারেটের নতুন দাম নির্ধারণ করা হয়েছিল ২,৪৫,৮১৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২,৩৪,৬২১ টাকা নির্ধারণ করা হয়। চার দফা বাড়ানোর পর কিছুটা কমিয়ে এখন আবার দাম বাড়ানো হল।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর হবে। এছাড়া ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনাও দিয়েছে।