দেড় মাস পর ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

প্রায় দেড় মাস পর আবারও বাণিজ্যিক ব্যাংক থেকে মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১৫ এপ্রিল) একটি ব্যাংকের কাছ থেকে ৭০ মিলিয়ন বা ৭ কোটি ডলার কেনা হয়।

মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে অনুষ্ঠিত এ ক্রয়ে ডলারের এক্সচেঞ্জ রেট ও কাট-অফ রেট দুটিই ছিল ১২২.৭৫ টাকা।

এর আগে, সর্বশেষ গত ২ মার্চ দুইটি ব্যাংকের কাছ থেকে ২৫ মিলিয়ন ডলার কিনেছিল। ওই সময় কাট-অফ রেট ছিল ১২২.৩০ টাকা ৩০।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ৫৫৬ কোটি ৩৫ লাখ ডলার (৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার) কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, রেমিট্যান্সের দর ধরা আছে ১২২.৯০ টাকা, আর বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা হয়েছে ১২২.৭০ টাকায়। বাংলাদেশ ব্যাংক ডলারের দর আরেকটু কমাতে চায়। কেন্দ্রীয় ব্যাংক বাজারে একটা বার্তা দিল যে ডলার দর ১২২.৭৫ টাকার আশপাশেই হবে।