ঈদে বেনাপোল বন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় অবস্থিত বেনাপোল স্থলবন্দরে টানা ৭দিন পণ্য আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে বাংলাদেশ-ভারতের মধ্যে বৈধ পাসপোর্ট-ভিসার যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

রবিবার (২৪ মে) সকাল ১০ টার দিকে এ সিদ্ধান্তের কথা জানায় বেনাপোল কর্তৃপক্ষ। 

বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান জানান, ঈদ-উল-আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

টানা ৭দিন বন্ধ রাখার বিষয়টি ভারতের ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। ফলে এই সময়ে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ বন্দরের ভেতরে পণ্য লোড-আনলোডও বন্ধ থাকবে। 

আগামী ১ জুন থেকে পুনরায় এই বন্দরের সকল কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোর্তজা হোসেন জানান, বন্দরে সীমান্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের ভারত ও বাংলাদেশের মধ্যে আসা-যাওয়া স্বাভাবিক থাকবে। সপ্তাহের ৭দিনই হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম চালু থাকে।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, ব্যবসায়ীরা চাইলে এসময় শুল্ককরাদি পরিশোধ করে বন্দর থেকে তাদের পণ্য খালাস করে নিতে পারবেন।