রিলস বানিয়ে জিততে পারেন বাংলাদেশ ব্যাংকের ৫০ হাজার টাকা 

মাত্র এক মিনিটের একটি ভিডিও তৈরি করেই জিতে নেওয়া যেতে পারে ৫০ হাজার টাকা। ডিজিটাল লেনদেন জনপ্রিয় করতে ‘Bangla QR Reels Making Competition’ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রতিযোগিতায় দেশের সব বয়সী নাগরিক অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের ‘Bangla QR’-এর ব্যবহার, সুবিধা এবং দৈনন্দিন জীবনে এর ইতিবাচক প্রভাব তুলে ধরে ১৫ সেকেন্ড থেকে সর্বোচ্চ ১ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও বা রিলস তৈরি করতে হবে। 

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী পাবেন ৫০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী ৩০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ২০ হাজার টাকা। এছাড়া সেরা ১০ জন অংশগ্রহণকারীকে দেওয়া হবে বিশেষ সম্মাননা সনদ। 

কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট তৈরির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ‘Bangla QR’ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সৃজনশীল অংশগ্রহণ উৎসাহিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

বর্তমানে ‘Bangla QR’ ব্যবস্থার মাধ্যমে একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার গ্রাহকরা সহজে অর্থ পরিশোধ করতে পারেন। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও বিস্তৃত করতে এই প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আগ্রহীদের আগামী ১৮ জুন-এর মধ্যে ভিডিও গুগল ড্রাইভে আপলোড করে reelscompetitionbanglaqr@gmail.com-ই-মেইল ঠিকানায় লিংক পাঠাতে হবে। 

বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ প্রতিযোগিতার মাধ্যমে ‘Bangla QR’-এর ব্যবহার আরও বাড়বে এবং নিরাপদ ও আধুনিক ডিজিটাল লেনদেন ব্যবস্থার প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পাবে।