২৪ ঘণ্টা না পেরোতেই স্বর্ণের দাম আরো কমানোর সিদ্ধান্ত

দেশের বাজারে আবারো স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে ভরিতে ৪,৪৩২ টাকা কমানোর সিদ্ধান্তের কথা জানায় বাজুস। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে। 

এতে আরো বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২,১৮,৩৫০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২,০৮,২০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৭৭,৮১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৪৩,৯৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সবশেষ ১০ জুন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে সাড়ে ৬ হাজার টাকা কমিয়েছিল সংগঠনটি।

এ নিয়ে জুন পর্যন্ত দেশের বাজারে ৭৪ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম।