বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম

ইরানের হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি দুই ডলারেরও বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তেহরান।

বৃহস্পতিবার (১১ জুন) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ২.৪৭% বেড়ে ব্যারেল প্রতি ৯৫.৪০ ডলারে পৌঁছেছে।

বার্তা সংস্থা আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

একইসঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২.৮৯% বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯২.৬৩ ডলারে উঠেছে।  

ইরানের সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড জানায়, তেলবাহী ট্যাংকারসহ সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো জাহাজ এই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ওপর গুলি চালানো হবে বলেও সতর্ক করা হয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের উত্তেজনা বেড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে মার্কিন বিমান হামলা চালানো হয়েছে। জবাবে ইরান বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে এবং হরমুজ প্রণালিতে দুইটি জাহাজে হামলা চালিয়েছে বলে দাবি করেছে।  

গত বুধবার গভীর রাতে এই হামলাগুলো চালানো হয়। মার্কিন সামরিক বাহিনীর ভাষ্যমতে, এটি ছিল ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের বিরুদ্ধে জবাব।

হরমুজ প্রণালি বন্ধ থাকলে বিশ্বের তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে, যা তেলের দামকে আরও ঊর্ধ্বমুখী করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।