টানা চার দফা কমানোর পর দেশের বাজারে এবার স্বর্ণের দাম ভরিতে ৬,৫৯০ টাকা বাড়ানো হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) - এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বাজুস নির্ধারিত নতুন দাম অনুযায়ী, দেশের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে দাম ২,২৪,৯৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,১৪,৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৮৪,৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১,৪৯,৮৮২ টাকা।
গত ১১ জুন সকালে দেশের বাজারে সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। ওই দিন ৪,৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,১৮,৩৫০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২,০৮,৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৭৮,৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৪৫,৫০৮ টাকা নির্ধারণ করা হয়।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৩৮ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৩৬ দফা। সব মিলিয়ে এ বছর ৭৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।
পাশাপাশি টানা চার দফা কমানোর পর রুপার দামও প্রতি ভরিতে ২৯১ টাকা বাড়িয়েছে বাজুস। ফলে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম হয়েছে ৫,১৩২ টাকা।
এছাড়া নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪,৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৪,১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি হয়েছে দাম ৩,১৪৯ টাকা।