যুক্তরাষ্ট্রের অবরোধ সত্ত্বেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানের

যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেও যুদ্ধ এবং পরবর্তী যুদ্ধবিরতির সময় মোট ১৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তেল বিক্রি করেছে বলে দাবি করেছে ইরানের জ্বালানি মন্ত্রণালয়। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শনিবার (২৫ জুলাই) মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধ চলাকালে ১১.৫ বিলিয়ন ডলার এবং যুদ্ধবিরতির সময় ৬.৫ বিলিয়ন ডলারের তেল বিক্রি করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, চলমান সংকটের মধ্যেও এ আয় চলতি অর্থবছরের বাজেটে তেল খাত থেকে যে রাজস্ব আয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল, তার ৬০%-এর বেশি পূরণ করেছে।

তবে চলতি বছরের জুন মাসের শেষ দিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছিলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত বন্দর অবরোধের কারণে ইরান কোনো তেলই রপ্তানি করতে পারেনি।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর যুদ্ধের সূচনা হয়। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে পাল্টা হামলা চালায়।

গত এপ্রিল মাসে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সংঘাত অনেকটাই থেমে যায়।

তবে, চলতি জুলাইয়ের শুরুতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়।