পেপ্যাল চালুর পথ খুলে দিলো বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম পেপ্যালের আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট ও অর্থ স্থানান্তর সেবা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালার আওতায় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করে সেবাটি চালু করতে পারবে দেশের ব্যাংকগুলো।

বুধবার (২৯ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ।

নতুন এই কাঠামো চালুর মূল লক্ষ্য হচ্ছে, আন্তর্জাতিক সেবামুখী বাণিজ্য সহজীকরণ, ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং দেশের বৈদেশিক লেনদেন ব্যবস্থাকে আরো আধুনিক ও সহজ করা।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের নতুন নির্দেশনায় “ব্যাংক-মধ্যস্থতাকারী কাঠামো” প্রবর্তন করা হয়েছে।

এর আওতায় বিদেশি ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান, অনলাইন পেমেন্ট গেটওয়ে, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অন্যান্য বৈধ আন্তর্জাতিক পেমেন্ট সমাধান প্রদানকারীদের সঙ্গে অংশীদারির ভিত্তিতে সেবা দিতে পারবে দেশের ব্যাংকগুলো।