Wednesday, July 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

চিকিৎসার পাশাপাশি জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৪ পিএম

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য টাকা তোলার নিয়ম আরও শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে তারা চিকিৎসার পাশাপাশি অন্যান্য জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। 

এর আগে, কেবল নিজের চিকিৎসার প্রয়োজনে এই সুবিধা পাওয়া যেত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মা-বাবা, ছেলে-মেয়ে, ভাই-বোন ও স্বামী-স্ত্রীর চিকিৎসাসহ অন্যান্য জরুরি পারিবারিক প্রয়োজনেও এই অর্থ উত্তোলন করা যাবে। 

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান।

নতুন সুবিধাটি একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের গ্রাহকদের জন্য প্রযোজ্য। ব্যাংকগুলো হলো - ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।

সভাসংশ্লিষ্ট সূত্র জানায়, আমানতকারীদের অর্থ ফেরতের জন্য চালু করা বিশেষ স্কিমে সংশোধন এনে চিকিৎসার পাশাপাশি অন্যান্য জরুরি প্রয়োজনেও অর্থ উত্তোলনের সুযোগ রাখা হয়েছে। বিশেষ করে পরিবারের সদস্যদের চিকিৎসা ব্যয়ের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, “অনেক সময় চিকিৎসার বাইরেও গ্রাহকদের হঠাৎ অর্থের প্রয়োজন হয়। পরিবারের সদস্যের চিকিৎসা কিংবা অন্য কোনো জরুরি পারিবারিক খরচ মেটাতে টাকার প্রয়োজন হতে পারে। আগের স্কিমে সেই সুযোগ না থাকায় সংশোধনের মাধ্যমে নতুন সুবিধা যুক্ত করা হয়েছে।”

গত বছর সংকটে পড়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে অন্তর্বর্তী সরকার সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে। নতুন ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা, আর বাকি ১৫ হাজার কোটি টাকার বিপরীতে আমানতকারীদের শেয়ার দেওয়া হবে।

এছাড়া আমানত বিমা তহবিলের আওতায় প্রতিজন আমানতকারী সর্বোচ্চ দুই লাখ টাকা পাচ্ছেন। পাশাপাশি পৃথক একটি স্কিমের মাধ্যমে ধাপে ধাপে বাকি অর্থও পরিশোধ করছে বাংলাদেশ ব্যাংক। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৮ লাখ ২২ হাজারের বেশি আমানতকারীকে মোট ৩ হাজার ৮৮৭ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর শেষে পাঁচ ব্যাংকের মোট ঋণের স্থিতি ছিল ১ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর বিপরীতে জামানতের পরিমাণ ৪৭ হাজার ৯০০ কোটি টাকা, যা মোট ঋণের ২৪.৫৬%। বর্তমানে ব্যাংকগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৫০০ কোটি টাকা, যা মোট ঋণের ৮৭.৪৩ %।

   

About

Popular Links

x