সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুদকে অভিযোগকারী ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং আরও ৩৬ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করা হয়েছিল। অভিযোগকারী ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আলীকে বরখাস্ত করেছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ আগস্ট) ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ ওই কর্মকর্তাকে বরখাস্ত করে। এর আগে, গত সোমবার (১০ আগস্ট) দুদকে এই অভিযোগ করা হয়েছিল।

ব্যাংকটির শীর্ষ এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন আলী ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই দুদকে ওই অভিযোগ করেন। এ কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। একটি কমিটিকে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। 

ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, “ব্যাংকের পক্ষ থেকে সরাসরি দুদকে অভিযোগ করার কোনো নিয়ম নেই। আমরা যদি কোনো মামলা করি, তবে তা আদালতের মাধ্যমেই করি।”