একদিনের ব্যবধানে আবার বাড়লো স্বর্ণের দাম

একদিনের মধ্যে আবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লো।

শনিবার (১৫ আগস্ট) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি বেড়েছে ২,১৫৮ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়েছে ভরিতে ১,৪৫৮ টাকা।

আজ সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সমন্বয় করা হয়েছে। 

সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলামের সইয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দাম সমন্বয়ের কারণে আজ থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ২০৫ টাকা আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিপ্রতি ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

আজ দাম বাড়ানোর আগে স্বর্ণের দাম ছিল এরকম: ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা; ২১ ক্যারেটের ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা; সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।

দেশের বাজারে আজ রুপার দাম অপরিবর্তিত আছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫,০৭৩ টাকা। ২১ ক্যারেটের রুপার ভরি এখন ৪,৮৪০ টাকা।