দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ২,১৫৮ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়। কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেন। নতুন দর আজ সকাল ১০টায় কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, তেজাবী স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের দাম ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, বুধবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। সে হিসাবে নতুন দরে ভরিতে দাম কমেছে ২,১৫৮ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামেও পরিবর্তন এনেছে বাজুস। নতুন তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫,০১৬ টাকা। ২১ ক্যারেটের রুপা ৪,৭৮২ টাকা, ১৮ ক্যারেট ৪,০৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩,০৯১ টাকা।