আইইএ: ২০২৭ সাল পর্যন্ত থাকবে ডিজেলের সংকট

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের প্রভাবে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্ববাজারে ডিজেল সরবরাহে ব্যাঘাত ঘটছে। এর প্রভাব শুধু চলতি বছর নয়, ২০২৭ সাল পর্যন্তও থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।

বুধবার (১৪ অক্টোবর) বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইইএ বলেছে,  বিশ্বব্যাপী ডিজেলের খালি হয়ে আসা মজুত পূরণ করতেও সময় লাগবে।

নিজেদের মাসিক জ্বালানি বাজার প্রতিবেদনে সংস্থাটি উল্লেখ করেছে, ২০২৭ সালের অনেকটা সময়জুড়েই ডিজেলের বাজারে সরবরাহ সংকট থাকবে। তবে সংকট থেকে বের হয়ে আসার বিষয়টি পুরোপুরি নির্ভর করবে মধ্যপ্রাচ্য থেকে ডিজেল সরবরাহ স্বাভাবিক হওয়ার ওপর। যদি দেশগুলো আগের মতো সরবরাহ নিশ্চিত করতে পারে, তাহলেই কাটবে সংকট।

উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি হ্রাস এবং ইরানের পাল্টা-হামলায় ওই অঞ্চলের শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে, গত কয়েক সপ্তাহে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।   

পরিস্থিতি মোকাবিলা করতে বিভিন্ন দেশের সরকার জ্বালানি কর হ্রাস, ভর্তুকি প্রদান কিংবা কৌশলগত জরুরি মজুত (স্ট্র্যাটেজিক রিজার্ভ) থেকে তেল ছাড়া হয়েছে। তবে এসব মজুত আবার পূরণ করার বাধ্যবাধকতা রয়েছে।

আগামী বছরের প্রথম তিন মাসে তেল পরিশোধনাগারগুলো যুদ্ধ-পূর্ববর্তী সক্ষমতায় ফিরবে। ফলে ওই সময়ে চাহিদার তুলনায় ডিজেলের সরবরাহ বেশি হতে পারে। তবে এই বাড়তি উৎপাদন ইরান যুদ্ধের কারণে তৈরি হওয়া ঘাটতি মেটাতে যথেষ্ট হবে না বলে এক পূর্বাভাসে জানিয়েছে আইইএ।

সংস্থাটি সতর্ক করে বলেছে, উপসাগরীয় অঞ্চল থেকে সরবরাহ শিগগির স্বাভাবিক মাত্রায় না ফিরলে বাজারে ভারসাম্য আনতে জীবাশ্মভিত্তিক জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানোর কোনো বিকল্প থাকবে না।