দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২,৬২৪ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
শনিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১,০৫০ টাকা বাড়ানো হয়েছিল। তার আগের দিন ২৬ নভেম্বরও একই পরিমাণ দাম বাড়ানো হয়। এর আগে ২৫ নভেম্বর দাম কমানো হয়েছিল ২,৮৫৮ টাকা। তবে ২৪ নভেম্বর ১,৫৭৫ টাকা এবং ২৩ নভেম্বর ৩,১৪৯ টাকা বাড়ানো হয়েছিল। এর ধারাবাহিকতায় আবারও স্বর্ণের দাম বাড়ানো হলো।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫০৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ২,০৯৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা করা হয়েছে।
এর আগে ২৭ নভেম্বর ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই দিন ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯০ হাজার ৭ টাকা করা হয়।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩,০৩৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২,৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১,৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।



দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম