দেশের বাজারে টানা নবমবারের মতো কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ ৬,১৮২ টাকা কমানো হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ টাকার নিচে নেমে এসেছে।
বর্তমানে এ মানের স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়, যা গত এক বছরের মধ্যে সর্বনিম্ন।
২০২৫ সালের ২৯ অক্টোবর স্বর্ণের দাম প্রথমবারের মতো দুই লাখ টাকা ছাড়িয়েছিল। প্রায় এক বছর পর আবারও তা দুই লাখ টাকার নিচে নেমে এলো।
শনিবার (২১ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম আজ রবিবার (২২ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, শনিবার রাত সাড়ে ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। আগের দিন এ দাম ছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩,০৩৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ২,৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২,৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১,৯২৫ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি দিতে হবে। নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে স্বর্ণালংকার বদল করলে ৯% এবং বিক্রি করলে ১৫% বাদ দিতে হবে। তবে এক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই দাম ও নিয়ম বহাল থাকবে।



দুই লাখ টাকার নিচে নামল সোনার ভরি, নতুন দাম আজ থেকে কার্যকর