বিদেশে চিকিৎসা এবং পড়াশোনার খরচ মেটানোর জন্য বৈদেশিক মুদ্রা বা ডলার পাঠানোর নিয়মে বড় ধরনের শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে বিদেশে চিকিৎসার জন্য কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়া ডলার ছাড়ের সীমা ১৫ হাজার মার্কিন ডলার থেকে বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ ৩০ হাজার মার্কিন ডলার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-২ থেকে এসংক্রান্ত একটি নতুন সার্কুলার জারি করা হয়। এর মাধ্যমে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর জন্য বৈদেশিক মুদ্রা পাঠানোর নিয়ম আরও সহজ করা হলো।
সার্কুলার অনুযায়ী, দেশের ব্যাংকগুলো এখন থেকে বাংলাদেশ ব্যাংকের কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই একজন গ্রাহকের অনুকূলে চিকিৎসার উদ্দেশ্যে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সরাসরি ছাড় করতে পারবে। পূর্বে এই সীমার পরিমাণ ছিল ১৫ হাজার ডলার।
এতদিন বিদেশে স্কুল বা মাধ্যমিক পর্যায়ের পড়াশোনার জন্য বৈদেশিক মুদ্রা পাঠাতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি নেওয়ার বাধ্যবাধকতা ছিল। নতুন নির্দেশনায় সেই শর্ত পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। এখন থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষার খরচ ব্যাংকগুলো সরাসরি পাঠাতে পারবে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে অবৈতনিক শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা ব্যাংকগুলোকে যাচাই করতে হবে।
পেশাদার ও সার্টিফিকেশন কোর্সের পাশাপাশি চিঠিপত্র বা দূরশিক্ষণ পদ্ধতিতে (করেসপন্ডেন্স কোর্স) নিয়মিত একাডেমিক পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও নিয়মে ছাড় দেওয়া হয়েছে। এখন থেকে এসব খাতেও কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাঠানো সম্ভব হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত অন্যান্য বিদ্যমান বিধিবিধান ও নির্দেশনাগুলো অপরিবর্তিত থাকবে। দেশের মুদ্রা বাজার আরও গতিশীল করতে এবং বৈদেশিক লেনদেন সহজতর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।