কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) স্থাপনে চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিএনইই) দাখিল করা দর প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
সিএনইই’র প্রস্তাবে দৈনিক পুনঃগ্যাসীকরণ বা রিগ্যাসিফিকেশনের সর্বোচ্চ সক্ষমতা ধরা হয়েছে ৭৫০ মিলিয়ন ঘনফুট।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
প্রস্তাব অনুযায়ী, ১৫ বছর মেয়াদে প্রকল্পটির আনুমানিক ব্যয় হবে ১২,৩২৪ কোটি টাকা। আর ২০ বছর মেয়াদে ব্যয় ধরা হয়েছে ১৩,১৬১ কোটি টাকা।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় সিএনইইর দাখিল করা দর প্রস্তাব অনুমোদনের জন্য সভায় উপস্থাপন করে। তবে প্রস্তাবে দৈনিক ফি, টার্মিনালের ক্ষমতা বা চালুর সময়ের বিষয়ে কিছু বলা নেই।
মহেশখালীর কুতুবজোমে প্রস্তাবিত এ স্থাপনা চালু হলে ভাসমান ইউনিটের মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ও তা দিয়ে রিগ্যাসিফিকেশন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।
এর আগে, গত ১৯ জুন সিএনইই কুতুবজোমে একটি অফশোর এলএনজি টার্মিনাল নির্মাণের প্রস্তাব দেয়। এতে দৈনিক রিগ্যাসিফিকেশন সক্ষমতা ধরা হয়েছে ৬০০ মিলিয়ন ঘনফুট, সর্বোচ্চ সক্ষমতা ৭৫০ মিলিয়ন ঘনফুট।
প্রসঙ্গত, বর্তমানে এক্সিলারেট এনার্জির টার্মিনালের জন্য সরকারের দৈনিক খরচ ২ লাখ ৫৪ হাজার ডলার। আর সামিট এলএনজি টার্মিনালের জন্য খরচ ২ লাখ ৪৯ হাজার ১১৫ ডলার।
সেক্ষেত্রে বর্তমান প্রস্তাব অনুযায়ী চুক্তির আওতায় কুতুবজোমে এলএনজি টার্মিনাল নির্মাণ করলে সিএনইই-কে বর্তমান ব্যয়ের চেয়ে ৩৫ থেকে ৩৭% বেশি অর্থ দিতে হবে ।