নতুন টাকার সরবরাহ কম থাকায় বাজারে ছেঁড়া-ফাটা নোটের ব্যবহার বেড়েছে। এমন পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট।
তবে ১০০ টাকার নোট নতুন নকশায় ছাপানো হচ্ছে না। আগের নকশাতেই এই নোট বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, চলতি সপ্তাহেই নতুন নকশার নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। তবে গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের কারণে নোট পরিবহনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এ কারণে নির্ধারিত সময়ে নোট বাজারে ছাড়া যায়নি।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “২০ ও ৫০ টাকার নোট ছাপানোর কাজ শেষ হয়েছে। টাঁকশাল আগামী সপ্তাহের মধ্যে এসব নোট বাংলাদেশ ব্যাংকে পাঠাবে। এরপর ব্যাংকগুলোর মাধ্যমে বাজারে সরবরাহ করা হবে।”
তিনি আরও বলেন, “আমরা বাংলাকিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন বাড়াতে উৎসাহ দিচ্ছি। এতে খুচরা টাকার চাহিদা ও ব্যবহার কমে আসবে। অনিয়ম ও দুর্নীতিও কমবে।”
আরিফ হোসেন খান জানান, আগামী সপ্তাহে নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবহনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নতুন নোট বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু হবে।
কে ছাপায় টাকা
দেশে ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১,০০০ টাকার ব্যাংক নোট ছাপায় বাংলাদেশ ব্যাংক। এসব নোটে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সই থাকে। অন্যদিকে, ১, ২ ও ৫ টাকার নোট সরকারি নোট হিসেবে পরিচিত। ধাতব মুদ্রাও এর অন্তর্ভুক্ত। এসব নোটে অর্থসচিবের সই থাকে। তবে উভয় ধরনের নোটই ছাপানো হয় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুনে দেশে ছাপানো টাকার পরিমাণ বা রিজার্ভ মানি ছিল ৪ লাখ ৭৬ হাজার কোটি টাকার কিছু বেশি। এর মধ্যে মানুষের হাতে ছিল প্রায় ৩ লাখ ৩৬ হাজার কোটি টাকা। বাকি অর্থ ছিল ব্যাংকগুলোতে।
বাংলাদেশ ব্যাংক অর্ডার অনুযায়ী, টাকা ছাপানোর ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের হাতে রয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, টাকার নকশা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকেও অনুমতি নিতে হয়।
নোট ছাপানোর কাঁচামাল সংগ্রহে বছরের শুরুতে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। এরপর নোট তৈরির জন্য প্রয়োজনীয় নিরাপত্তা কাগজ (সিকিউরিটি পেপার), বিশেষ ধরনের কালি (ইনট্যালিও কালি), নিরাপত্তা সুতা (সেফটি থ্রেড) ও রাসায়নিক কেনার দরপত্র চাওয়া হয়। এসব উপকরণের প্রায় পুরোটাই বিদেশ থেকে আমদানি করতে হয়।
বর্তমানে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, স্পেন, ইতালি ও ইন্দোনেশিয়ার আটটি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত কাঁচামাল সরবরাহকারী।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, কাঁচামাল দেশে আসার পরও নোট ছাপাতে প্রায় তিন মাস সময় লাগে। এর কারণ হিসেবে টাঁকশাল নামে পরিচিত সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেডের (এসপিসিবিএল) সীমিত সক্ষমতার কথা উল্লেখ করা হয়েছে।
বাজারে এত পুরোনো নোট কেন
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুরোনো নকশার নোট ছাপানো বন্ধ হয়ে যায়। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংক মজুত থাকা পুরোনো নকশার নোট বাজারে ছাড়াও বন্ধ রাখে। নতুন নোটের নকশা তৈরি, অনুমোদন এবং ছাপানোর কাজ শুরু করতে দীর্ঘ সময় লেগে যায়। ফলে ওই সময় থেকেই বাজারে নোটের সংকট তৈরি হয়, যা এখনও পুরোপুরি কাটেনি। বর্তমানে নতুন নোট বাজারে ছাড়া হলেও প্রয়োজনের তুলনায় সরবরাহ কম।