রোজায় নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে আমদানি বাড়াতে উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। রোজায় বাড়তি চাহিদা থাকে, এমন ১০টি পণ্য আমদানির জন্য এখন থেকে ৯০ দিন মেয়াদি বিশেষ বৈদেশিক ঋণ নিতে পারবেন উদ্যোক্তারা। ওই ঋণের অর্থে তারা এলসি খুলতে পারবেন।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।
সার্কুলার অনুযায়ী, রোজাকেন্দ্রিক ১০টি পণ্য আমদানিতে উদ্যোক্তারা এখন থেকে ৯০ দিনের বাকিতে এলসি খুলতে পারবেন। এ জন্য তারা বৈদেশিক মুদ্রায় ৯০ দিন মেয়াদি ঋণ নিতে পারবেন, যা ৯০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। এতে এলসি খুলতে উদ্যোক্তাদের নিজস্ব টাকার পরিমাণ আরও কম লাগবে।
পণ্য সরবরাহকারীর ঋণ অথবা আমদানিকারকের নিজস্ব ব্যবস্থাপনায় ঋণের সংস্থান করে এলসি খোলা যাবে।
আমদানির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া পণ্যগুলো হলো চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর।
এর আগে গত রবিবার কেন্দ্রীয় ব্যাংক আরেকটি সার্কুলার জারি করে এই ১০ পণ্য আমদানিতে এলসি মার্জিন শিথিল করেছে। ফলে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এসব পণ্যের এলসি খোলা যাচ্ছে। ব্যাংকগুলোকে এলসি মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখতে বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, উদ্যোক্তারা যাতে রোজার আগেই এসব পণ্য আমদানি করে বাজারে ছাড়তে পারেন, সে জন্য এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে নিত্যপণ্যের আমদানি বাড়বে, বাজারে সরবরাহ বাড়বে এবং দামও সহনীয় থাকবে বলে আশা করা হচ্ছে।



