দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।
রবিবার (২২ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় গহনার দামও কমানো হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রাতে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৮৯০ টাকা কমে হয়েছে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৫ হাজার ১৫ টাকা কমে হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৫৪১ টাকা কমে হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
এর আগে ২০ নভেম্বর সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমিয়ে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই দিন ২১ ক্যারেটের দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমে হয় ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১০ হাজার ৯৮২ টাকা কমে হয় ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির গহনার দাম ৬ হাজার ২৯৮ টাকা কমে হয় ১ লাখ ৩৫ হাজার ৮৮৬ টাকা। শনিবার পর্যন্ত এ দামেই সোনার গহনা বিক্রি হয়েছে।
২০ নভেম্বরের আগে ১৯ নভেম্বর ৩ হাজার ২৬৬ টাকা, ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল। সব মিলিয়ে ভালো মানের প্রতি ভরি সোনার গহনার দাম এ পর্যন্ত কমেছে ৩৪ হাজার ৬৯০ টাকা।
সোনার দাম কমলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির ১ হাজার ৯২৫ টাকা।