দেশের বাজারে টানা দুই দিন স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়ানো হয়েছে।
এর আগে সোমবার ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল। ফলে দুই দিনে দেশের বাজারে সোনার দাম বাড়ল সর্বোচ্চ ৪ হাজার ৭২৪ টাকা। এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার সোনার নতুন এই দাম সমন্বয় করে। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। তবে আজ রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা, যা আগে ছিল ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। অর্থাৎ এই মানের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১ হাজার ৫৭৫ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫১৬ টাকা বেড়ে ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকায় দাঁড়িয়েছে, যা আগে ছিল ১ লাখ ১৮৯ হাজার ১৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৮৩ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা; আগে এর দাম ছিল ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বেড়ে ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকায় নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ লাখ ৩২ হাজার ৪৪৪ টাকা।
উল্লেখ্য, এর আগে টানা ৯ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম ভরিপ্রতি সর্বোচ্চ ৩৪ হাজার ৬৯০ টাকা কমেছিল। এর ফলে গত শনিবার প্রায় ১৩ মাস পর ২২ ক্যারেট স্বর্ণের দাম দুই লাখ টাকার নিচে নেমে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায় দাঁড়ায়। তবে পরপর দুই দিনের মূল্যবৃদ্ধিতে তা আবারও দুই লাখ টাকার কাছাকাছি পৌঁছে গেল।