বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ, ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি দেশ ও অঞ্চলের পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রস্তাব অনুযায়ী, চীনের পণ্যে সর্বোচ্চ ৪০%, ভিয়েতনামের পণ্যে ৩৫% এবং বাংলাদেশের পণ্যে ১৮% শুল্ক আরোপের পরিকল্পনা করা হয়েছে। অন্য দেশ ও অঞ্চলগুলোর ক্ষেত্রে শুল্কের হার প্রস্তাব করা হয়েছে ২০% থেকে ২৫%।   

বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতির অংশ হিসেবে এই নতুন শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির আমদানি করা পণ্যের ওপর প্রস্তাবিত এসব শুল্ক বড় বাণিজ্যিক অংশীদারদের প্রভাবিত করবে।

গত মার্চে অন্যান্য দেশের বাণিজ্যিক কর্মকাণ্ড ও নীতিমালা নিয়ে তদন্ত শুরু করেছিল হোয়াইট হাউস। সেই তদন্তের ধারাবাহিকতায় নতুন শুল্ক আরোপের প্রস্তাব এসেছে। এর আগে ট্রাম্পের ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ককে অবৈধ ঘোষণা করে আটকে দিয়েছিল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।

তবে কয়েকটি দেশের সঙ্গে শুল্কের সর্বোচ্চ সীমা নির্ধারণে সমঝোতা হওয়ায় কিছু দেশের ক্ষেত্রে নতুন শুল্কের হার আগের তুলনায় কমতে পারে।

নতুন শুল্কের প্রস্তাবের আওতায় রয়েছে বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান ও জাপান।

মার্কিন বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’ অনুযায়ী, বিভিন্ন দেশের বাণিজ্যিক কর্মকাণ্ড তদন্তের ভিত্তিতে এই শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধারার আওতায় বিদেশি সরকারগুলোর আচরণ ও নীতিমালা পর্যালোচনা করা হয়। এসব নীতি ও কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠান, শ্রমিক ও ভোক্তাদের স্বার্থের ওপর অন্যায্য প্রভাব ফেলছে কি না, তা খতিয়ে দেখা হয়।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ এবং এ নিয়ে হুমকি দিয়ে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার মতে, এ নীতির ফলে যুক্তরাষ্ট্রের উৎপাদনশিল্প শক্তিশালী হবে এবং নতুন কর্মসংস্থান তৈরি হবে।

বাংলাদেশি পণ্যে শুল্কের হিসাব কী দাঁড়াবে

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাব কার্যকর হলে বাংলাদেশি পণ্যের ওপর দেশটির মোট শুল্কের পরিমাণ কত হতে পারে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, “এর আগে যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক আরোপ করেছিল। আদালতের মাধ্যমে সেই শুল্ক বাতিল হওয়ার পর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়।”

তিনি আরও বলেন, “পোশাক খাতে স্বাভাবিকভাবেই ১৫% থেকে ১৬% শুল্ক রয়েছে। এর সঙ্গে আরও ১০% শুল্ক যুক্ত হয়েছে। এখন নতুন করে প্রস্তাবিত শুল্কের ১০% আগের শুল্কের ওপর যোগ হবে কি না, সেটি দেখার বিষয়।

এ হিসাবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে মোট শুল্কের হার ৩৫% থেকে ৩৬%-এ পৌঁছাতে পারে। গত জুলাইয়ে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগে বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ১০% শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন।

এম এ রাজ্জাকের মতে, নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর হলে বিষয়টি আরও স্পষ্ট হবে। পোশাক খাতের বিভিন্ন পণ্যে শুল্কের হার একেক রকম। তবে গড় হিসাবে তা প্রায় ১৬%।

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় সম্পর্কে কমনওয়েলথ সচিবালয়ের আন্তর্জাতিক বাণিজ্য নীতির সাবেক প্রধান রাজ্জাক বলেন, বিষয়টি মোকাবিলা করা বাংলাদেশের একার পক্ষে সম্ভব নয়। অনেক দেশ এতে জড়িত। সব দেশ একসঙ্গে কোনো উদ্যোগ নিতে পারলে তবেই কার্যকর কিছু করা সম্ভব হতে পারে।

নতুন শুল্ক আরোপের উদ্যোগকে ‘হুইমজিকাল পলিসি’ বা খামখেয়ালি নীতি হিসেবে বর্ণনা করেছেন এই অর্থনীতি বিশ্লেষক। তার মতে, এ ধরনের সিদ্ধান্ত অনিশ্চয়তা বাড়াবে। সত্যিই নতুন শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজার সংকুচিত হতে পারে। এতে বাংলাদেশের রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে প্রতিযোগী দেশগুলোর ওপরও শুল্ক আরোপ করা হবে। ফলে শুধু শুল্কের কারণে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা কমবে, এমন নয়। বরং যুক্তরাষ্ট্রের বাজার ছোট হয়ে যাওয়াই বাংলাদেশের রপ্তানির ওপর বড় প্রভাব ফেলতে পারে।”

শুল্কনীতির ঘন ঘন পরিবর্তনে বাণিজ্য ও বিনিয়োগের স্থিতিশীলতাও নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করেন রাজ্জাক। তার ভাষ্য, এ ধরনের অনিশ্চয়তা ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য বড় দুশ্চিন্তার কারণ। আগামী বছর যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নতুন সদস্যরা আসার পর পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন আসতে পারে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী ক্ষমতা তখনো থাকবে।

বাংলাদেশি পণ্যে শুল্ক বাড়তে পারে সর্বোচ্চ ৮%

নতুন প্রস্তাবিত ১৮% শুল্ক পুরোপুরি কার্যকর হলে বাংলাদেশি পণ্যের ওপর বর্তমানে আরোপিত শুল্কের তুলনায় সর্বোচ্চ ৮% বাড়তে পারে। সব মিলিয়ে শুল্কের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় সাড়ে ৩৩%।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা বলেন, এবার বাংলাদেশের জন্য সর্বোচ্চ ১৮% শুল্কের প্রস্তাব করা হয়েছে। বাণিজ্য আইনের ৩০১ ধারায় দ্বিতীয়বারের মতো শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে গত জুলাইয়ে জোরপূর্বক শ্রমের অভিযোগে একই ধারায় বাংলাদেশের পণ্যে ১০% শুল্ক আরোপ করা হয়েছিল।

ওই কর্মকর্তা বলেন, “এবারের প্রস্তাবের বিশেষ দিক হলো, সেকশন ৩০১-এর আওতায় আগে আরোপ করা শুল্ক নতুন প্রস্তাবিত শুল্কের হিসাবের মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে। আগের শুল্কের সঙ্গে নতুন শুল্ক আলাদাভাবে যোগ হবে না। অর্থাৎ, এই ধারার আওতায় সব মিলিয়ে সর্বোচ্চ ১৮% শুল্ক হতে পারে।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বর্তমানে মোস্ট ফেভার্ড নেশন (এমএফএন) নীতির আওতায় বাংলাদেশি পণ্যে প্রায় সাড়ে ১৫% শুল্ক রয়েছে। নতুন প্রস্তাবিত ১৮% শুল্ক কার্যকর হলে এই শুল্কের সঙ্গে এমএফএনের হার যোগ হবে।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ওই কর্মকর্তা মনে করেন, শুল্কের পরিমাণ সর্বোচ্চ ৮% বাড়লেও ভিয়েতনাম, ভারত ও পাকিস্তানের মতো প্রতিযোগী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় বাংলাদেশ এগিয়ে থাকবে।

তবে নতুন শুল্ক কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র সরকার। এর আগে অংশীজনদের শুনানি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দরকষাকষির সুযোগ রেখেছে ট্রাম্প প্রশাসন।