ইউক্রেনে রাশিয়ার আক্রমণের দিনে ঢাকার শেয়ার বাজারে বড় দরপতন

দেশের শেয়ার বাজারে বড়ধরনের দরপতন দেখা গেছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দিনের প্রথম সাড়ে ৩ ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার “ঢাকা স্টক এক্সচেঞ্জের” (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১৪ পয়েন্ট বা প্রায় পৌঁনে ২% কমে গেছে। বেলা দেড়টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৮% বা ৩৩২টিরই দরপতন ঘটেছে। মাত্র ২৫টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে। ২০টি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত রয়েছে।

জাতীয় দৈনিক প্রথম আলো এক প্রতিবেদনে জানিয়েছে, এ বছরের মধ্যে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ দরপতন। 

প্রতিবেদনটিতে বলা হয়েছে, সকাল ১০টায় শুরু হওয়া লেনদেন প্রথমে সূচকের উত্থান দিয়ে শুরু হলেও সাড়ে ১০টা নাগাগ থেকে এর পতন শুরু হয়। আর ১১টার দিকে দ্রুত কমতে থাকে সূচক।

জানা গেছে, ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনায় বিশ্বের বড় বড় শেয়ারবাজারেও বড় ধরনের দরপতন হয়েছে। বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ১০০ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোও নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশের শেয়ারবাজারেও তার প্রভাব পড়েছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, ইউক্রেনে রাশিয়ার হামলার খবর ছড়িয়ে পড়ার পর বাজারে দ্রুত সূচকের পতন ঘটতে থাকে। বিনিয়োগকারীদের মধ্যে বিক্রির চাপ বেড়ে যায়।