পাকিস্তানে রাজনৈতিক সংকট: রুপিতে নজিরবিহীন দরপতন

টালমাটাল অর্থনৈতিক অবস্থা ও চলমান রাজনৈতিক সংকট মিলিয়ে ভঙ্গুর অর্থনীতির দ্বারপ্রান্তে পাকিস্তান। এর মধ্যেই বৃহস্পতিবার (৭ এপ্রিল) সর্বকালের সর্বনিম্ন দরপতন হয়েছে দেশটির মুদ্রা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এক মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রায় বিনিময় মূল্য দাঁড়িয়েছে ১৯১ রুপিতে।

গত কয়েস মাস ধরেই নিম্নমুখী ছিল পাকিস্তানি রুপির দর। গত এক মাসে মার্কিন ডলারের বিপরীতে দর কমেছে ৬%।

অন্যদিকে, ২০২১ সালের জুলাই মাসের পর থেকে দরপতন হয়েছে ১৮%।

এছাড়াও, পাকিস্তানের রিজার্ভ ১ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার কমে বর্তমানে ১ হাজার ২০০ মার্কিন ডলার হয়েছে।

করাচিভিত্তিক আর্থিক গবেষণা প্রতিষ্ঠান টপলাইন সিকিউরিটিজের প্রধান মোহাম্মাদ সোহাইল জানান, গত মার্চে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে বিরোধীদল অনাস্থা প্রস্তাব আনার পর থেকেই রাজনৈতিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। আর এর প্রভাব অর্থনীতিতেও পড়ছে।