Monday, October 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

আরও এক বছর অর্থসচিবের দায়িত্বে খায়েরুজ্জামান মজুমদার

সোমবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম

চাকরিজীবন শেষ হওয়ার দিনে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী ড. মো. খায়েরুজ্জামান মজুমদারকে তার অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য অর্থ বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৩ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব থেকে মো. খায়েরুজ্জামান মজুমদারকে অর্থ বিভাগের সচিব করা হয়। তিনি দেশের প্রথম নারী অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের স্থলাভিষিক্ত হন। ওই বছরের ২৮ আগস্ট থেকে অর্থসচিবের দায়িত্ব পালন করে আসছেন তিনি।

ত্রয়োদশ বিসিএসের কর্মকর্তা খায়েরুজ্জামান মজুমদার আবগারি ও শুল্ক ক্যাডারের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। পরে ডিএস পুলের মাধ্যমে সরকারের উপসচিব হিসেবে প্রশাসন ক্যাডারে আসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। পরে যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয় থেকে সরকার (রাজনৈতিক অর্থনীতি) বিষয়ে পিএইচডি করেন। কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকেও রাজনৈতিক অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তার।

কর্মজীবনে খায়েরুজ্জামান মজুমদার বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে কাজ করেছেন। এছাড়া ইউএসএআইডির একটি প্রকল্পে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটেও বিভিন্ন পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

সরকারি প্রশাসনের পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন খাতেও কাজ করেছেন এই কর্মকর্তা।

   

About

Popular Links

x