শেখ হাসিনাকে ফের রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
রবিবার (২৯ জানুয়ারি) পিরোজপুরের স্বরুপকাঠীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে উপকরণ বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, “২০২৪ সালের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে আপনারা সবাই মিলে নৌকা প্রতীকে ভোট দেবেন, যাতে শেখ হাসিনা সরকার গঠন করতে পারেন। শেখ হাসিনাকে সব দুর্যোগেপাশে পাওয়া যায়।”
“কোভিডের সময় তিনি টিকা, ত্রাণ সহায়তা দিয়েছেন। গৃহহীন-ভূমিহীনদের তিনি জমি ও ঘর করে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান একজন মানুষও গৃহহীন অবস্থায় থাকবে না। একটি বাড়িতেও বিদ্যুৎহীন অবস্থা থাকবে না।”
শ ম রেজাউল করিম আরও বলেন, “প্রধানমন্ত্রী চান দারিদ্র্যের কষাঘাতে যেন একটা শিশুরও পড়াশোনার পথ বন্ধ হয়ে না যায়। সড়ক, সেতু, মসজিদ-মন্দির নির্মাণ একজনের সময়েই সম্ভব হয়েছে। সেটা শেখ হাসিনার সময়। এজন্য শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে। কারও মিষ্টি কথায় বিভ্রান্ত হওয়া যাবে না।
পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, “আমরা জনপ্রতিনিধিরা এলাকার মানুষের জন্য ভালো কিছু করতে পারছি শেখ হাসিনার কারণে। তিনি না থাকলে আজ এই উপকরণগুলো এখানে আনতে পারতে পারতাম না।”
সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গে টেনে তিনি বলেন, “৭১ সালে যারা অপরাধ করেছিল, প্রমাণ হয়েছে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ালে কাউকে ক্ষমা করা হয় না। দেলোয়ার হোসেন সাঈদী কারাগারে, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী যারা ৭১ সালে হিন্দুদের নিধন করেছিল, মা-বোনেরা ধর্ষণের শিকার হয়েছিল, প্রগতিশীল অসাম্প্রদায়িক লোককে হত্যা করেছিল তাদের বিচার করে ফাসির রায় কার্যকর করা হয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টানের সম্মিলিত সৌন্দর্যই আমাদের সুন্দর বাংলাদেশের সৌন্দর্য।”