দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পিছিয়ে যাওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত দুই আসরের মতো এবারও পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে মেলার আয়োজন করা হয়েছে। ঢাকার মূল শহরের বাইরে হওয়ায় গতবারের মতো এবারও দর্শনার্থীদের যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ।
বিআরটিসি’র চেয়ারম্যান মো. তাজুল ইসলাম (অতিরিক্ত সচিব) জানিয়েছেন, বাণিজ্য মেলার ২৮তম আসরের শুরুর দিন থেকে প্রতিদিন প্রায় ৬০টি বাস চলাচল করবে এবং ছুটির দিনে প্রায় ২০০ বাস থাকবে যাত্রী আনা-নেওয়ার জন্য।
রবিবার (২১ জানুয়ারি) মেলা প্রাঙ্গণ থেকে বিআরটিসির বাস চলাচলের উদ্বোধন করেন মো. তাজুল ইসলাম।
জানা গেছে, এবারের বাণিজ্য মেলায় আসা দর্শনার্থীদের যাতায়াতের জন্য প্রতিদিন সকাল ৮টা থেকে চলবে বিআরটিসি’র বিশেষ বাস। এগুলো ছেড়ে যাবে কুড়িল বিশ্বরোড, খেজুর বাগান (ফার্মগেট), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে।
মেলা শেষে নির্দিষ্ট রুটগুলোতে যাত্রীদের নিরাপদে পৌঁছে দেবে বিআরটিসি।
কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা, খেজুর বাগান (ফার্মগেট) থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। নারায়ণগঞ্জ থেকে মেলায় বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা। নরসিংদী থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯০ টাকা।
মেলায় আসা দর্শনার্থীদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করতে চেয়ারম্যান, বিআরটিসি’র প্রত্যক্ষ নির্দেশনায় মেলার প্রথম থেকে শেষ দিন পর্যন্ত নির্দিষ্ট রুটগুলোতে বিআরটিসি’র শাটল বাস সার্ভিস অব্যাহত থাকবে।
দেশের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এ আসরের আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা অংশগ্রহণ করছেন এবারের মেলায়। প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, স্টল, রেস্টুরেন্ট মিলিয়ে ৩৫১টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত বছর ৩৩১টি ছিল।
এবারের মেলায় স্টলের সংখ্যার পাশাপাশি বেড়েছে দর্শনার্থীদের প্রবেশমূল্যও। গত বছর সাধারণ দর্শনার্থীদের জন্য মেলায় প্রবেশমূল্য ছিল ৪০ টাকা এবং ১২ বছরের কম বয়সীদের জন্য ছিল ২০ টাকা। এবার প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের (১২ বছরের নিচে) জন্য ২৫ টাকা।



বাণিজ্য মেলায় প্রাপ্তবয়স্কদের প্রবেশ ফি ৫০ টাকা, শিশুদের ২৫