বাজারে চিনির চাহিদা বাড়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, “ঈদ-উল-ফিতরকে সামনে রেখে চিনির চাহিদা বেড়েছে। যে কারণে দামও বেড়েছে। দাম যে বেড়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই।”
রবিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে “জুট প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল” (জেপিবিপিসি)-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, “আমরা বলেছিলাম চিনির দাম পাঁচ টাকা কমাবো। পরবর্তীকালে হিসাব-নিকাশ করে দেখা যায়, তিন টাকা ৫০ পয়সা কমানো যায়। যখনই আলোচনা চলছিল, তখনই চিনির দাম আবারও বাড়ানো হয়।”
মন্ত্রী সাংবাদিকদের বলেন, “বিশ্ববাজারে গত ১৫ দিনে চিনির দাম ১০০ ডলার বেড়েছে। যেটা বেড়েছে সেটা দেশে আসতে আরও এক মাস সময় লাগবে। কিন্তু আপনারা জানেন, ব্যবসায়ীরা তো সুযোগ নিয়েই থাকে। আগামীতে বাড়বে, তারা আগে থেকেই সুযোগটা নেয়।”
তিনি বলেন, “আমরা বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছি। এতো বিশাল মার্কেট ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আসলে বাজার নিয়ন্ত্রণ করা কঠিন। আমরা চেষ্টা করছি নিয়ন্ত্রণ রাখার জন্য, যতদূর পারা যায়।”