দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা থেকে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৫ লিটারের বোতল এখন বিক্রি হবে ৯৭৫ টাকায়।
বুধবার (২ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।
একইসঙ্গে খোলা সয়াবিন তেলের দামও লিটারপ্রতি ১৭৬ টাকা থেকে বাড়িয়ে ১৮০ টাকা করা হয়েছে। তবে পামওয়েলের দাম অপরিবর্তিত থাকবে।
বৈঠকে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে বিদ্যমান দামের বিষয়গুলো পর্যালোচনা করা হয়। আলোচনা শেষে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক বাজারমূল্য, আমদানি ব্যয় এবং সংশ্লিষ্ট অতিরিক্ত খরচ বিবেচনায় নিয়ে দেখা গেছে, মূল্য বৃদ্ধির যৌক্তিকতা রয়েছে। তবে ব্যবসায়ীদের প্রস্তাবিত পুরো মূল্য বৃদ্ধি গ্রহণ করা হয়নি। ভোক্তাদের স্বার্থ বিবেচনায় রেখে সীমিত পরিসরে এই মূল্য সমন্বয় করা হয়েছে।“
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা, ভোজ্যতেল শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট রিফাইনার ও আমদানিকারকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



