প্রযুক্তি খাতে দেশের রপ্তানি আয় বাড়ছে। সফটওয়্যার, ডেটা প্রসেসিংসহ প্রযুক্তি খাতের অন্যান্য সেবাগুলো রপ্তানি করে বাংলাদেশ গত ১০ মাসে আয় করেছে ৩৬৯ মিলিয়ন ডলার।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুসারে, প্রযুক্তি খাতে গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত রপ্তানি আয় বেড়েছে ৫২%। এ সময়ের মধ্যে এই খাতে ৩৬৯ মিলিয়ন ডলার আয় হয়েছে। যা একই সময়ে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৩৫.৫৯% বেশি। প্রযুক্তি খাতে ২০২০-২১ অর্থবছরে আয় হয়েছিল ২৪২ মিলিয়ন ডলার।
একই সময়ে প্রযুক্তিগত পরামর্শক সেবা (কনসালটেনসি) খাতে আগের বছরের ২২ মিলিয়ন ডলার থেকে বেড়ে আয় হয়েছে ৩১ মিলিয়ন ডলার। কম্পিউটার এবং পেরিফেরাল যন্ত্রপাতি ইনস্টলেশন, রক্ষণাবেক্ষণ এবং মেরামতে একই সময়ে আয় বেড়েছে প্রায় ৮৬%।
করোনাভাইরাস মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে স্থবির হওয়া বৈশ্বিক অর্থনীতি চাঙ্গা হলে এই খাতের চাহিদা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশনের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির ঢাকা ট্রিবিউনকে বলেন, “বিশ্বব্যাপী ব্যবসায়িক ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ক্রমে প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়াচ্ছে। ফলে প্রযুক্তি খাতের চাহিদা আরও বাড়বে।”
বিস্তারিত পড়ুন- IT exports shoot up 52% in July-April of FY22